শিরোনাম:

২০২৪ সালে সর্বোচ্চ রিটার্নের তালিকায় লাভেলো আইসক্রিম

অর্থ ভিশন জানুয়ারী ০১, ২০২৫


বিশেষ প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বছরে (২০২৪) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে তথা সর্বোচ্চ রিটার্নের তালিকায় ওঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আলোচিত বছরে কোম্পানিটি থেকে রিটার্ন এসেছে ১৫৪ শতাংশ। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৩৬ শতাংশ বা ২ টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ৮৬ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে শেয়ারদর ৮৪ টাকা থেকে সর্বোচ্চ ৮৭ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। এ দিন ১০ লাখ ১১ হাজার ১৭৯টি শেয়ার ১ হাজার ৯৩০ বার হাতবদল হয়, যার বাজারদর ৮ কোটি ৭১ লাখ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা ৫০ পয়সা থেকে ১০৮ টাকার মধ্যে ওঠানামা করে। এদিকে সম্প্রতি চলতি ২০২৪-২৫ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের একই সময়ের তুলনায় ৫৯ পয়সা বেড়েছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ৫৯ পয়সা বেড়েছে। অন্যদিকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৮ পয়সা।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আর ২০২৪ সালের ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা। এছাড়া আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ১৬ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। আলোচ্য হিসাববছরে ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৯৪ পয়সায়। এর আগে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন তাদের শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সা এবং আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ১০ পয়সা।
২০২১ সালে পুঁঁজিবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২০ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৯ কোটি ৩৫ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪১ দশমিক ১২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ২০ দশমিক ৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
গত বছরে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১২০ শতাংশ, এছাড়া এরপরের অবস্থানে থাকা বীচ হ্যাচারি লিমিটেডের ৯৯ শতাংশ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৭৫ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ৬৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৫৮ শতাংশ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৫৩ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৫৩ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৫২ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।