শিরোনাম:

মোবাইল অ্যাপ চালু করলো ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২২


গ্রাহক সেবায় এবার মোবাইল অ্যাপ চালু করলো দেশের শীর্ষস্থানীয় প্রাচীন জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স। গত ২০ ডিসেম্বর  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী  ‘ন্যাশনার লাইফ বিডি’ নামে এ অ্যাপ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে আইডিআরএ এর সদস্য, প্রশাসন মইনুল ইসলাম, সদস্য, আইন, মোঃ দলিল উদ্দিন, সদস্য, লাইফ, কামরুল হাসান ও সদস্য নন-লাইফ মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন কোম্পানীর সার্বিক কার্যক্রম সর্ম্পকে অতিথিদের অবহিত করেন। 
মোবাইল অ্যাপ উদ্বোধনের আগে আইডিআরএ এর চেয়ারম্যান নিয়ন্ত্রক সংস্থার সদস্যদের নিয়ে দেশের শীর্ষতম এই জীবন বীমা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের আইটি বিভাগ, অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ কল সেন্টার, পলিসি সার্ভিস, হিসাব শাখা ও সুসজ্জিত মুজিব কর্ণার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আইডিআরএ এর চেয়ারম্যান ন্যাশনাল লাইফের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। 
এ অ্যাপের মাধ্যমে কোম্পানী তার গ্রাহকদের লেনদেনের বিভিন্ন রিমাইন্ডার দিতে পারবে। প্রতি মূহুর্তে গ্রাহকের আমানত ও প্রিমিয়ামের সর্বশেষ খবর আদান প্রদানের মাধ্যমে কোম্পানী ও গ্রাহকদের মাঝে একটি সচ্ছ সম্পর্ক তৈরি হয়। 
উক্ত অ্যাপের মাধ্যমে গ্রাহক নিজের সুবিধা অনুযায়ী যেকোন পলিসি গ্রহণ করতে পারবেন এবং প্রিমিয়াম প্রদানসহ পলিসির সকল তথ্য ঘরে বসেই সহজেই জানতে পারবেন।