শিরোনাম:
বাংলাদেশের অর্থনীতির অন্যতম দিকপাল আলমগীর কবির এফসিএ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৬৩৬তম পর্ষদ সভায় সর্বসম্মতভাবে তিনি চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হন।
আলমগীর কবির এফসিএ ১৯৪৭ সালের ২৮ শে ডিসেম্বর ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি একজন খ্যাতিমান পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দেশ ও বিদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষায় তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।
আলমগীর কবির এফসিএ ২০০৪ সালের ২৯ শে সেপ্টেম্বর থেকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। একই সাথে তিনি ব্যাংকের সকল সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান। জনাব আলমগীর কবির বেসকারী খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অনারারি উপদেষ্টা।
১৯৬৯ সালে কেপিএমজির মেম্বার ফার্ম রহমান রহমান হক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এ কর্মজীবন শুরু করেন আলমগীর কবির। পরবর্তীতে তিনি রহমান রহমান হকের সহযোগী প্রতিষ্ঠান ইডব্লিউপি অ্যাসোসিয়েটসে ম্যানেজম্যান্ট কনসালটেন্ট হিসেবে ১৯৭৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রথম বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে অডিট অব অ্যাকাউন্টসের অডিট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে সৌদি আরবের রিয়াদ শহরে সৌদি অ্যাকাউন্টিং ব্যুরো, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের হয়ে দ্বায়িত্ব পালন করেন যেটি কুপার্স অ্যান্ড লাইব্র্যান্ড, মুরস রোল্যান্ড ইন্টারন্যাশনাল এবং ইনবুকন ইন্টারন্যাশনাল লিমিটেডের মেম্বার ফার্ম। সেখানে তিনি ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।
জনাব আলমগীর কবির ১৯৯৩ সালে দেশে ফিরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসিতে) সদস্য হিসেবে যোগদান করেন এবং ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিএসইসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন। বিএসইসিতে থাকার সময় তিনি বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৬ সাল থেকে তিনি ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বীমা এবং পুঁজিবাজার সম্পর্কিত প্রতিষ্ঠানের গঠন ও উন্নয়নে কাজ করেন।
১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন আলমগীর কবির এফসিএ, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তারই ভাই মরহুম শাহজাহান কবির।
আলমগীর কবির এফসিএ দেশের বেশকয়েকটি অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংস্থার সাথে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করছেন।